সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে সাংবাদিক ও লেখক আনিসুর বুলবুলের গবেষণাভিত্তিক বই ‘সাংবাদিকের এআই’ প্রকাশিত হয়েছে। প্রকাশনা সংস্থা ‘লাবিবায়ান’ থেকে অক্টোবর ২০২৬-এ প্রকাশিত বইটির গায়ের মূল্য রাখা হয়েছে ৬৭০ টাকা।
সাংবাদিকতার দৈনন্দিন কাজে এআই কীভাবে কার্যকরভাবে ব্যবহার করা যায়, কোন ক্ষেত্রে এর যৌক্তিক সহায়তা নেওয়া সম্ভব এবং প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতায় কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে—এসব বিষয় ব্যবহারিক উদাহরণসহ বইটিতে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
মোট ৫০টি অধ্যায়ে সাজানো এই বইটিতে সাংবাদিকতার বিভিন্ন ধাপে এআই ব্যবহারের কৌশল আলোচিত হয়েছে। এর মধ্যে রয়েছে সংবাদ পরিকল্পনা, তথ্য অনুসন্ধান, গভীর গবেষণা, সাক্ষাৎকারের পূর্বপ্রস্তুতি, অডিও থেকে বক্তব্য প্রতিলিপিকরণ, সরকারি নথি ও বাজেট বিশ্লেষণ, ডেটা সাংবাদিকতা, সংবাদ লেখা ও সম্পাদনা, তথ্য যাচাই এবং অনুসন্ধানী সাংবাদিকতার বহুমাত্রিক দিক।
এছাড়া ভাইরাল ছবি, ভিডিও, অডিও ও ডিপফেক শনাক্তকরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল সূত্র উন্মোচন, সংবাদ আর্কাইভ বিশ্লেষণ, নিউজরুম পরিচালনা এবং কনটেন্ট তৈরিতে এআইয়ের নিরাপদ ব্যবহার নিয়েও পৃথক অধ্যায় রয়েছে।
বইটিতে প্রযুক্তি ব্যবহারের ঝুঁকি ও নৈতিকতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে এআইয়ের ভুল তথ্য বা হ্যালুসিনেশন শনাক্ত করা, ভুয়া খবর যাচাই, সংবাদের গোপনীয়তা রক্ষা এবং নিউজরুমে এআই ব্যবহারের নীতিমালার রূপরেখা বইটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
লেখক আনিসুর বুলবুল বলেন, “এআই সাংবাদিকতার কাজের গতি ও দক্ষতা বাড়াতে পারে, তবে প্রফেশনাল দায়বদ্ধতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করার কাজ কোনোভাবেই প্রযুক্তির ওপর ছেড়ে দেওয়া যায় না। তথ্যের নির্ভরযোগ্যতা পরীক্ষা করা এবং পাঠকের আস্থা রক্ষা করা সাংবাদিকের মৌলিক দায়িত্ব। এই উপলব্ধি থেকেই বইটি লেখার উদ্যোগ নেওয়া হয়েছে।”
বইটিতে নতুন ও অভিজ্ঞ সাংবাদিকদের জন্য উপযোগী নির্বাচিত প্রম্পট, এআই ব্যবহারের চেকলিস্ট এবং নিউজরুমে এআই ব্যবহারের নমুনা নীতিমালা যুক্ত করা হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন তন্ময় রহমান। অনলাইন পরিবেশক রকমারি এবং প্রকাশকের নিজস্ব ওয়েবসাইটে (labibayan.com) ২৫ শতাংশ ছাড়ে বইটি পাওয়া যাচ্ছে।

























