ঢাকার অভিনয় অঙ্গনের গুণী মানুষ আশীষ খন্দকার। অনেকে আক্ষেপ করেন, নিভৃতচারী এ মানুষটিকে ঠিকভাবে কাজে লাগাতে পারছে না শোবিজ। তবে সেসব গায়ে না মেখে স্বভাবসুলভ জীবনযাপনে ব্যস্ত এই অভিনেতা ও নির্মাতা।
এবার আশীষ খন্দকার দেবেন নাট্যচর্চার প্রশিক্ষণ। মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী নাট্য কর্মশালা। শুক্র ও শনিবার এ কর্মশালার আয়োজন করছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘অবয়ব সাংস্কৃতিক কেন্দ্র’। কর্মশালায় নাট্যকলার বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে কাজ করবেন আশীষ খন্দকার। অভিনয়ের প্রস্তুতি, শিল্পীর প্রকাশভঙ্গি এবং নাট্যচর্চার নানা বিষয়ে তার অভিজ্ঞতা ও নির্দেশনা জানার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।
এ আয়োজন প্রসঙ্গে আশীষ খন্দকারের প্রস্তাবিত বক্তব্য, ‘নাটক এমন একটি শিল্পমাধ্যম, যেখানে অভিনয়ের পাশাপাশি মানুষের জীবন, সমাজ ও চারপাশের বাস্তবতাকে বোঝার সুযোগ তৈরি হয়। নিয়মিত চর্চা ও প্রশিক্ষণের মাধ্যমে একজন অভিনয়শিল্পী নিজেকে আরও সমৃদ্ধ করতে পারেন। মুন্সীগঞ্জে স্থানীয় নাট্যপ্রেমী ও নতুন প্রজন্মের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ভালো লাগছে। আশা করছি, এই কর্মশালা অংশগ্রহণকারীদের নাট্যচর্চায় নতুন অভিজ্ঞতা যোগ করবে।’
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী শুক্রবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কর্মশালার প্রথম দিনের কার্যক্রম চলবে। দ্বিতীয় দিন শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে।
আশীষ খন্দকারের মতো গুণী শিল্পী ও জাতীয় পুরস্কারজয়ী অভিনেতার কাছ থেকে সরাসরি প্রশিক্ষণ নেওয়ার খবরে উচ্ছ্বসিত মুন্সীগঞ্জের স্থানীয় নাট্যকর্মীরা। অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে নাট্যচর্চায় আগ্রহী সবাইকে কর্মশালায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অংশগ্রহণ ও রেজিস্ট্রেশনসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ০১৯২০৮০৯২৫৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

























