শেরপুরে জেলা প্রশাসনের আয়োজিত গণশুনানিতে ১২৪ জন সেবাপ্রার্থীর অভিযোগ ও সমস্যার কথা শোনা হয়েছে। এর মধ্যে ১০১ জনকে তাৎক্ষণিক আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দাপ্তরিক কাজে ময়মনসিংহে অবস্থান করায় এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ।
গণশুনানিতে আসা নাগরিকরা শিক্ষা, বাসস্থান, চিকিৎসা সহায়তা, ভূমি সংক্রান্ত সমস্যা ও প্রতিবন্ধী সহায়তাসহ বিভিন্ন বিষয়ে তাদের আবেদন তুলে ধরেন। অতিরিক্ত জেলা প্রশাসক ধৈর্য সহকারে সবার কথা শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় জেলা প্রশাসকের নিজস্ব তহবিল থেকে ৯৯ জনকে আর্থিক সহায়তা, একজনকে হুইলচেয়ার এবং একজনকে জরুরি ওষুধ কেনার জন্য নগদ অর্থ প্রদান করা হয়। অন্যান্য আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
নাগরিকদের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে এবং সরাসরি সমস্যা শুনে দ্রুত সমাধান দিতে শেরপুর জেলা প্রশাসন নিয়মিত এ ধরনের গণশুনানি পরিচালনা করে আসছে।























