ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দায়িত্ব থেকে পদত্যাগ না করা হলে রাজপথে বিরোধী শিবিরের আন্দোলনের মিছিল আরও বিস্তৃত হবে।
শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত এক গণবিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
সমাবেশে মো. নাহিদ ইসলাম বলেন, আগামী ডিসেম্বরে পতিত স্বৈরাচারীদের পুনর্বাসনের অপচেষ্টা চলছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে কোনো নব্য স্বৈরাচার তাদের রুখতে সক্ষম হবে না। সরকারকে সতর্ক করে তিনি বলেন, দেশকে ঝুঁকির মধ্যে ফেলে নতুন করে ভারতকে করিডোর দেওয়ার যে পাঁয়তারা চলছে, তা দেশের জনগণ কোনোভাবেই বাস্তবায়ন হতে দেবে না।
তিনি আরও অভিযোগ করেন, লন্ডন থেকে দেশে ফেরা তারেক রহমানের লক্ষ্য দেশ পরিচালনা নয়, বরং সন্ত্রাস ও চাঁদাবাজির কাঠামো প্রতিষ্ঠা করা। বিএনপি সরকার গঠনের প্রথম দিন থেকেই নিজেদের রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করছে উল্লেখ করে তিনি বলেন, গণভোটের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠন করা, যা সরকার এড়িয়ে যাচ্ছে।
একই কর্মসূচিতে এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, নির্বাচনের পর দেশের সার্বিক পরিস্থিতি শৃঙ্খলায় ফেরা তো দূরের কথা, বিএনপি নিজেদের মধ্যকার বিশৃঙ্খলাও নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকারের জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ভারতের কলকাতায় এক হাজার টাকায় গ্যাস সরবরাহ করা গেলে বাংলাদেশে কেন সাধারণ মানুষকে তা আড়াই হাজার টাকায় কিনতে হবে?
























