ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে বিতর্কের শেষ নেই। এবার সেই দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করল ভক্তদের সরাসরি রায়। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের ভোটে মেসিকে টপকে সর্বকালের সেরা ব্যক্তিগত মৌসুমের স্বীকৃতি পেয়েছে রোনালদোর ২০০৮ সালের পারফরম্যান্স।
ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে উয়েফা এবং ঐতিহ্যবাহী ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ যৌথভাবে আয়োজন করে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ বা ‘বোট’। অন্তত দুবার ব্যালন ডি’অর জিতেছেন এমন কিংবদন্তিদের সেরা মৌসুমগুলোকে নিয়ে এই ভোটাভুটির আয়োজন করা হয়। ভক্তদের নির্দিষ্ট ফি দিয়ে এই নির্বাচনে অংশ নিতে হয়েছে।
ভোট গ্রহণ শেষে দেখা যায়, ২০১২ সালে মেসির রেকর্ড ৯১ গোলের অবিশ্বাস্য মৌসুমটিকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনালদোর ব্যালন ডি’অরজয়ী মৌসুমটি। তালিকার প্রথম ১২টি স্থানই দখল করে রেখেছেন এই দুই মহাতারকা। যেখানে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর ২০০২ সালের মৌসুমটি রয়েছে ১৩ নম্বরে।
যদিও আটটি ব্যালন ডি’অর জিতে ট্রফির হিসাবে এখনো সবার ওপরে লিওনেল মেসি, তবে নির্দিষ্ট একটি মৌসুমের প্রভাব ও জনপ্রিয়তার লড়াইয়ে ভক্তদের বিচারে এবার শেষ হাসি হাসলেন পর্তুগিজ তারকা রোনালদোই।


























