ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহতের ঘটনায় রাজিব পরিবহনের বাসচালক ইকবাল হোসেনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইকবাল গাজীপুর সদর উপজেলার পালের পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, মর্মান্তিক ওই দুর্ঘটনার পর থেকেই চালক ইকবালকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত ছিল। অবশেষে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর দুপুরে ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস সড়কের দাপুনিয়া হাড়গুজির পাড় এলাকায় রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশার চালকসহ সাত যাত্রী প্রাণ হারান। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন ছিলেন। দুর্ঘটনার দিন সন্ধ্যায় নিহতদের স্বজন মো. মোবারক আলী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

























