দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী গোপনে বিয়ে করছেন—এমন একটি খবর কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। অবশেষে সেই গুঞ্জনের পেছনের আসল ঘটনা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি একটি চ্যাট শোতে অভিনেতা জগপতি বাবুর সঙ্গে আলাপকালে সাই পল্লবী জানান, বোন পূজার বিয়ের কেনাকাটা করতে গিয়েই এই মজার ও বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
তিনি জানান, বোন অস্ট্রেলিয়া থাকায় তাঁর বিয়ের লেহেঙ্গা ও পোশাক পছন্দের পুরো দায়িত্ব সাই পল্লবীকেই নিতে হয়েছিল। বিভিন্ন শোরুমে গিয়ে তিনি নিজে বিয়ের পোশাকগুলো ট্রায়াল দিতেন। আর সাধারণ মানুষ ও দোকানদাররা তা দেখেই ধরে নিয়েছিলেন সাই পল্লবী বোধহয় নিজের বিয়ের কেনাকাটা করছেন।
সাই পল্লবী বলেন, ‘আমি দোকানে গিয়ে সব বিয়ের পোশাক দেখাতে বলতাম এবং তা ট্রায়াল দিতাম। এতে অনেকেই ভেবেছিলেন আমি গোপনে বিয়ের প্রস্তুতি নিচ্ছি।’
উল্লেখ্য, সাই পল্লবীকে সামনে মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এতে রামের ভূমিকায় রণবীর কাপূর এবং রাবণের চরিত্রে অভিনয় করছেন কন্নড় তারকা যশ।
























