জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার মামলায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলার অন্য তিন দণ্ডপ্রাপ্ত আসামি—কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আসামিদের অর্জিত সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত সকল আসামি বর্তমানে পলাতক রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র ও ৬ জন আন্দোলনকারীকে হত্যার ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছিলেন। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ৭ অক্টোবর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

























