পাবনার ব্যবসা-বাণিজ্য, আবাসন খাত ও সমাজসেবায় অনন্য অবদান রাখা বিশিষ্ট শিল্পপতি আলহাজ আব্দুল লতিফ বিশ্বাসের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০২৫ সালের ২৯ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককের বামরুণগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনার মনসুরাবাদ উপশহরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া পরিবারের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত ও বিশেষ ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আব্দুল লতিফ বিশ্বাস সফল ব্যবসায়ী পরিচয়ের পাশাপাশি একজন নিবেদিতপ্রাণ সমাজহিতৈষী ও দানশীল ব্যক্তিত্ব হিসেবে সমাদৃত ছিলেন। ‘মর্জিনা লতিফ ট্রাস্ট’-এর মহাসচিব হিসেবে তিনি পাবনা, নাটোর ও সিরাজগঞ্জের বিভিন্ন জনপদে শতাধিক মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি লতিফ গ্রুপ অব কোম্পানীজ ও লতিফ রিয়েল এস্টেটের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, যার মাধ্যমে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়।
উত্তরাঞ্চলের অন্যতম শীর্ষ ঠিকাদার হিসেবে পরিচিত আব্দুল লতিফ বিশ্বাস দীর্ঘদিন পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৮ সালে পাবনার আরিফপুরে ‘মনসুরাবাদ আবাসিক এলাকা’ এবং পরবর্তীতে রাজধানীর আদাবরে ‘মনসুরাবাদ হাউজিং সোসাইটি’ প্রতিষ্ঠা করে তিনি দেশের আবাসন খাতের প্রসারে দূরদর্শিতার ছাপ রেখে গেছেন।


























