মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানভীর হাওলাদার (২৫) নামে এক ইতালি প্রবাসী মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের খামারবাড়ি এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তানভীর মোটরসাইকেল চালিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকা তাঁর ওপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, মাত্র ১৫ দিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল তানভীর। বিয়ের পরপরই এমন মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


























