হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর পোশাকের ভেতরে সেলাই করে লুকিয়ে আনা ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি টাকা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটসের ফ্লাইট ইকে-৫৮৬-এর যাত্রীদের ওপর নজরদারি করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম স্বর্ণের পেস্ট উদ্ধার করে।
কাস্টমস সূত্রে জানা যায়, ইমিগ্রেশন শেষে ব্যাগেজ বেল্ট-২-এ আসেন চেন লিউইউন ও মো শিয়াওইউ নামের দুই যাত্রী। এ সময় তাদের তল্লাশি করে জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের ভেতরে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা নরম হলুদ রঙের স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া স্বর্ণের পেস্টের মোট ওজন ১২ কেজি। ভেজা অবস্থায় পেস্ট আকারে থাকা স্বর্ণের বিশুদ্ধতা প্রাথমিক পরীক্ষায় ২৪ ক্যারেট বলে নিশ্চিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।
এ ঘটনায় দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।

























