যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা সংক্রান্ত নিয়মকানুন নিয়ে বাংলাদেশি নাগরিকদের সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
দূতাবাসের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, বি১/বি২ ক্যাটাগরির ভিজিটর ভিসা মূলত স্বল্পমেয়াদি সফর ও ব্যবসার জন্য প্রযোজ্য। এই ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ধরনের চাকরি বা কাজ করার অনুমতি নেই।
বুধবার (২৮ অক্টোবর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় বলা হয়, ‘ভ্রমণের আগে নিয়মকানুন জেনে নিন। বি১/বি২ ভিজিটর ভিসায় ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া এবং চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে যুক্তরাষ্ট্রে কাজ করতে হলে আপনার ভিন্ন ধরনের উপযুক্ত ভিসার প্রয়োজন হবে।’ বৈধ কর্মসংস্থানের জন্য সঠিক ক্যাটাগরির ভিসায় আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে ওই নির্দেশনায়।
























