ডিজিটাল ব্যাংকিং সেবা সর্বস্তরের মানুষের কাছে আরও সহজ ও সাশ্রয়ী করতে যৌথ উদ্যোগ নিয়েছে ট্রাস্ট ব্যাংক এবং বিকাশ। এই অংশীদারিত্বের মাধ্যমে এখন থেকে বিকাশ অ্যাপেই পাওয়া যাবে ট্রাস্ট ব্যাংকের সঞ্চয় সেবা। পরবর্তীতে পর্যায়ক্রমে ঋণ ও ‘পে-লেটার’সহ অন্যান্য ব্যাংকিং সেবাও যুক্ত করা হবে।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘এক্সপান্ডিং অ্যাক্সেস, এম্পাওয়ারিং পসিবিলিটিজ’ শীর্ষক এক অনুষ্ঠানে এই যৌথ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ভাইস-চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাঃ হোসাইন আল মোরশেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম এবং আরিফ হোসেন খান। এতে অন্যান্যের মধ্যে ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার আহসান জামান চৌধুরী এবং বিকাশের প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল মোহাঃ হোসাইন আল মোরশেদ বলেন, প্রযুক্তি লেনদেনের ধরন বদলে দিলেও প্রান্তিক ও সীমিত আয়ের মানুষের জন্য সহজ শর্তে ঋণ পাওয়া এখনো কঠিন। এই যৌথ উদ্যোগ দুই প্রতিষ্ঠানের সক্ষমতাকে কাজে লাগিয়ে সুবিধাবঞ্চিত মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকরা এই উদ্যোগের প্রশংসা করে জানান, আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করতে এবং দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এই ধরণের যৌথ পদক্ষেপ আশাব্যঞ্জক ভূমিকা পালন করবে।


























