রাজবাড়ী শহরের পান্না চত্বরসংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে প্রকাশ্যে আমির হোসেন লিটন নামের এক ব্যবসায়ী নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ লিটনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমির হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
লিটন জানান, আদালতে হাজিরা দিয়ে সঙ্গী হাসুকে নিয়ে রিকশায় করে যাওয়ার সময় একটি অটোরিকশা তাঁদের পথরোধ করে। সেখান থেকে তাঁকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয়। একটি গুলি তাঁর ডান হাতে লাগে। তাঁর সঙ্গী হাসুর পেট ঘেઇে একটি গুলি চলে গেলেও তিনি অক্ষত রয়েছেন।
রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, গুলিটি লিটনের হাতের মাংসে আটকে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ফরিদপুরে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন জানিয়েছেন, দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে।


























