প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বাংলাদেশকে গণতন্ত্র ও আইনের শাসনের মতো মৌলিক মূল্যবোধে বিশ্বাসী এক বিশ্বস্ত বন্ধু রাষ্ট্র হিসেবে অভিহিত করেন তিনি।
একই সঙ্গে বাংলাদেশের জাতীয় উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন প্রচেষ্টায় জোরালো সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার টোকিওতে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এক দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে নিজের অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জাপানের প্রধানমন্ত্রী লেখেন, ‘গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধের অংশীদার বন্ধু হিসেবে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাঁর দায়িত্ব গ্রহণের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
তাকাইচি আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত বাংলাদেশ সরকারের জাতি গঠনমূলক বিভিন্ন উদ্যোগকে জাপান দৃঢ়ভাবে সমর্থন জানিয়ে যাবে।
তিনি বলেন, ‘গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গঠিত রহমান প্রশাসনের দেশ গড়ার প্রচেষ্টায় জাপান সবসময় পাশে থাকবে।’
দ্বিপক্ষীয় এই বৈঠকে বাংলাদেশের প্রগত ময় গণতান্ত্রিক উত্তরণের প্রতি জাপানের স্বীকৃতি এবং নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার সুষ্পষ্ট আগ্রহ প্রতিফলিত হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক’ অঞ্চল গড়ার ক্ষেত্রে বাংলাদেশ জাপানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অংশীদার। তিনি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াকে সংযুক্তকারী বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরেন।
তিনি আরও জানান, উভয় শীর্ষ নেতা ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ বা ‘বিগ-বি’ উদ্যোগকে দ্রুত এগিয়ে নেওয়ার সংকল্প পুনর্ব্যক্ত করেছেন, যা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ।
























