ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে খেলার সময় অসাবধানতাবশত মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু মিশ্রিত পানি পান করে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার পাইথল ইউনিয়নের গোলাবর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—গোলাবর গ্রামের রাহাত বেপারীর ছেলে মাহমুদ হাসান সাজিত (৩) এবং জনি বেপারীর মেয়ে হুমায়রা (৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা ব্যবহৃত একটি বড় শ্যাম্পুর প্লাস্টিক বোতল আবর্জনা হিসেবে ঘরের কোণে রেখে দিয়েছিলেন। ঘটনার দিন সকালে সাজিত ও হুমায়রাসহ তিন শিশু বোতলটি নিয়ে খেলনা হাঁড়িপাতিল ধোয়া-মোছার খেলা করছিল। একপর্যায়ে তারা বোতলে পানি ভরে ফেনা তৈরি করে এবং তা পান করে ফেলে। এতে তিনজনই গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাজিতকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় হুমায়রাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। অপর শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। পাগলা থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
























