নির্বাচনী বৈতরণী পার হতে বিএনপি নানা দেনদরবার করে আওয়ামী লীগের ভোট ভিক্ষা নিয়েছিল বলে তীব্র মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিরোধীদলীয় নেতা বলেন, নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি ও কথা দিয়ে আওয়ামী লীগের কাছ থেকে ভোট আদায় করেছে বিএনপি। স্বয়ং শেখ হাসিনা পর্যন্ত বলেছেন যে হাতেপায়ে ধরে তাদের কাছে ভোট নেওয়া হয়েছিল। এমনকি তাদের দলীয় নেতারাও প্রকাশ্যেই বলছেন যে আওয়ামী লীগের সমর্থনে তারা নির্বাচনে সাফল্য পেয়েছেন। অথচ এখন সেই বিএনপিই অন্যদের ওপর অপবাদ দেওয়ার রাজনীতি করছে।
তিনি সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমাজের ও প্রশাসনের বিভিন্ন স্তরে পুনর্বাসন করা হচ্ছে। অন্যদিকে দেশে সীমান্ত পেরিয়ে অর্থ, মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে ব্যর্থ হচ্ছে সরকার। জনগণের জানমাল রক্ষা ও সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ পরিচালনার নৈতিক অধিকার থাকে না বলেও মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে করের বোঝা বৃদ্ধি এবং জনদুর্ভোগ নিরসনে ব্যর্থতার জন্য সরকারের তীব্র সমালোচনা করেন জামায়াত আমির।























