দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় তীব্র খরা ও অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা জানিয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার মুসল্লিরা। খোলা আকাশের নিচে সমবেত হয়ে তারা এই নফল নামাজ আদায় করেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার হাসনাজি গ্রামের একটি খোলা মাঠে এই নামাজ ও দোয়ার আয়োজন করা হয়। হাসনাজি, উত্তর দৌলতপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের সর্বস্তরের মানুষ এই বিশেষ ইবাদতে শরিক হন।
বুরাইয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী খুতবা পাঠ ও নামাজে ইমামতি করেন। নামাজ শেষে তীব্র খরা থেকে রক্ষা, ফসলের সুরক্ষা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সৎপুর কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান।
এলাকাবাসীর বরাত দিয়ে ৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খাঁন জানান, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় পানির অভাবে স্থানীয় কৃষকদের চাষাবাদ ব্যাহত হচ্ছে এবং তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। এই খরা থেকে মুক্তি পেতে এলাকাবাসী আল্লাহর কাছে বৃষ্টির জন্য আকুতি জানিয়ে এই নামাজের আয়োজন করেন।


























