কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন শাহের মাজারের মূল প্রবেশপথের পাশ থেকে একটি টাইম বোমাসদৃশ সন্দেহজনক ডিভাইস উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে মাজারের প্রধান ফটকের ডান পাশে একটি নারকেলগাছের গোড়ায় পরিত্যক্ত ব্যাগ থেকে ডিভাইসটি উদ্ধার করা হয়। মাজার এলাকায় আগত বাউল ও ভক্তদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় পুলিশ। একই সঙ্গে পুরো এলাকায় কড়া নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়।
পরবর্তীতে ঢাকা থেকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) চার সদস্যের একটি বিশেষ বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পরিদর্শক মোদাচ্ছের কায়সারের নেতৃত্বে দলটি তল্লাশি চালিয়ে দুটি এক লিটারের পেট্রোলের বোতল, দুটি লোহার পাইপ ও বৈদ্যুতিক তারযুক্ত ডিভাইসটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, রাতে একটি পরিত্যক্ত ব্যাগ দেখে সাধুরা খবর দিলে পুলিশ গিয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। পরবর্তীতে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দল নিশ্চিত করে যে এটি একটি টাইম বোমা ছিল।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও জড়িতদের শনাক্ত করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কুমারখালী থানায় এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।























