আগামী বছর দেশে উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণি। রোববার দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যুৎ বিল ও বিগত সরকারের বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রসঙ্গে নুরুল ইসলাম মণি বলেন, শেখ হাসিনার শাসনামলে স্থাপিত বহু বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিল না। মূলত অর্থ আত্মসাতের লক্ষ্যেই এসব কেন্দ্র গড়ে তোলা হয়েছিল। ফলে বিদ্যুৎ খাতের ওপর যে চাপ তৈরি হয়েছে, তাতে এই মুহূর্তে সরকারের পক্ষে বিদ্যুতের দাম কমানো সম্ভব হচ্ছে না।
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, গত দুই বছরে দেশে কোনো প্রকার সাম্প্রদায়িক সংঘাত ঘটেনি। বাংলাদেশে সবাই সমান নাগরিক অধিকার ভোগ করে, এখানে সংখ্যালঘু বলে কেউ নেই। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। এ ছাড়া শিশুদের মানসিক বিকাশ সুরক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর কনটেন্ট থেকে তাদের দূরে রাখতে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে বেতাগী উপজেলার ৩৭টি অসহায় পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেন চিফ হুইপ। একই সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে উপজেলার পূজামণ্ডপগুলোতে নগদ অর্থ ও সরকারি চাল বিতরণ করা হয়।

























