সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার জেরে সৃষ্ট বিরোধের জেরে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের খাজা গেট এলাকায় স্থানীয় বহিরাগতরা এ ন্যক্কারজনক ঘটনা ঘটায়।
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, সজল নামের এক যুবক নিজেকে বিএল কলেজের শিক্ষার্থী পরিচয় দিয়ে ফেসবুকে খুবি ও এর শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করেন। বিষয়টি পরিষ্কার করতে শিক্ষার্থীরা তাকে খাজা গেট এলাকায় ডেকে আনেন। সেখানে তাকে জিজ্ঞাসাবাদকালে স্থানীয় কিছু লোক নিজেদের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পরিচয়ে বাধা সৃষ্টি করে এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শিক্ষার্থীরা অভিযুক্ত যুবককে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তরের চেষ্টা করেন। এ সময় বহিরাগতরা জোরপূর্বক তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে স্থানীয় কয়েকজন ব্যক্তির নেতৃত্বে বহিরাগতরা একত্র হয়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়িয়ে হামলার চেষ্টা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পিছু হটে।
অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর পুলিশ অভিযুক্ত সজলকে নিজেদের হেফাজতে নেয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক (ডিএসএ) অধ্যাপক ড. মো. সালাউদ্দিন পুরো বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন।






















