বগুড়ার ধুনটে উপজেলা পরিষদের পুকুরপাড়ে নির্মাণাধীন একটি সড়কের গাইডওয়ালের একাংশ কাজ শেষ না হতেই হেলে পড়েছে। রবিবার সকালে এই ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে এবং তারা নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা পরিষদের পুকুর ঘিরে একটি শিশুপার্ক গড়ে তোলা হয়েছে। পার্কটির উন্নয়ন কাজের অংশ হিসেবে পুকুরপাড়ের চারপাশে ওয়াকওয়ে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর জন্য ১৯০ ফুট গাইডওয়াল নির্মাণের কাজ শুরু হয়। এই প্রকল্পে উপজেলা পরিষদ থেকে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে এবং এতে প্রায় ২৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
রবিবার সকাল ৮টার দিকে পুকুরপাড়ের দক্ষিণ পাশে প্রায় ১০ ফুট গাইডওয়াল পুকুরের দিকে হেলে পড়ে। এতে প্রায় ১৯০ ফুট দৈর্ঘ্যের পুরো গাইডওয়ালটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সরকারি অর্থে বাস্তবায়নাধীন এই প্রকল্পের গুণগত মান ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকাবাসীরা নিম্নমানের উপকরণ ব্যবহার এবং নির্মাণ শর্ত না মানার অভিযোগ করেছেন।
তবে কর্তৃপক্ষ দাবি করেছে, ঢালাইয়ের পর গাইডওয়াল মজবুত হওয়ার আগেই বালু ভরাটের কারণে এমনটি হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ধুনট উপজেলা প্রকৌশলী জানান, গাইডওয়ালটি নির্মাণের কমপক্ষে ২৮ দিন পর বালু ভরাটের নিয়ম ছিল। কিন্তু এক সপ্তাহ পার না হতেই বালু ভরাটের কারণে গাইডওয়াল হেলে পড়েছে। মজবুত না হওয়ার কারণেই এই সমস্যা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে তিনি শিগগিরই এই সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন।
রিপোর্টারের নাম 

























