আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভ’-এ যোগ দিচ্ছে বাংলাদেশ। আগামী ১৯ ও ২০ নভেম্বর এই ফোরামের ৭ম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে, এই গুরুত্বপূর্ণ সংলাপে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
জানা গেছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বিশেষ আমন্ত্রণে ড. রহমান এই বৈঠকে অংশ নিচ্ছেন।
অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই আঞ্চলিক সহযোগিতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এই অংশগ্রহণটি পারস্পরিকভাবে লাভজনক আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য সরকারের চলমান প্রচেষ্টারই একটি অংশ।
উল্লেখ্য, ড. খলিলুর রহমান সম্প্রতি চীনের কুনমিং-এ অনুষ্ঠিত ‘চীন-ভারত মহাসাগরীয় অঞ্চল ফোরামে’ বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন। নয়াদিল্লির এই সফরকে সেই ধারাবাহিকতায় আঞ্চলিক কূটনীতিতে বাংলাদেশের সক্রিয় ভূমিকার নিদর্শন হিসেবেই দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























