আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুরের খানসামায় আয়োজিত এক আলোচনা সভায় জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া বলেছেন, মিথ্যা তথ্য ও অপপ্রচার দেশকে অস্থিতিশীল করে তুলছে। তিনি এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
শুক্রবার দুপুরে উপজেলার খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হুইপ বলেন, ‘আমরা একই সংগ্রামের মধ্য দিয়ে এগিয়েছি। আমাদের দুর্বলতা ও বিভক্তির সুযোগে যদি স্বৈরাচার আবার ফিরে আসে, তাহলে তা জাতির জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে। তাই ধৈর্য, সততা ও ঐক্য ধরে রাখা এখন সবচেয়ে জরুরি।’
সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, ‘ফেসবুকে ফেক আইডি ব্যবহার করে যারা অপপ্রচার চালায়, তারা সমাজের জন্য ক্ষতিকর। মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, যা রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য হুমকি।’ তিনি এসব অপপ্রচারে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, ‘কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা সরাসরি বলা উচিত। কিন্তু মিথ্যা তথ্য বা ছবি ব্যবহার করে কাউকে হেয় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
রিপোর্টারের নাম 

























