রাজধানীর মোহাম্মদপুরে বিষাক্ত দ্রব্য পানে সৌরভ হালদার (২৫) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শেষ বর্ষের ছাত্র ছিলেন। শুক্রবার বিকেলে রায়েরবাজার এলাকার একটি ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সৌরভ সবার অগোচরে বিষাক্ত কিছু পান করে অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি বমি করতে শুরু করলে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে রাত সাড়ে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, কয়েক মাস আগে সৌরভের এক ঘনিষ্ঠ বান্ধবী মারা যান। সেই ঘটনার পর থেকেই তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাদের ধারণা, মানসিক বিষণ্নতা থেকেই তিনি এমন চরম পথ বেছে নিতে পারেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে। নিহত সৌরভ ঝালকাঠি সদর উপজেলার ভিমরুলী গ্রামের কৃষক অমল হালদারের ছেলে। তিনি তার বোনের সঙ্গে রাজধানীর রায়েরবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
রিপোর্টারের নাম 


















