দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এ রোগের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৭ জন এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৪২ জনের শরীরে। সব মিলিয়ে একদিনে হামে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এই তথ্য জানানো হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ২০৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামের কারণে মারা গেছে ১০৪ জন এবং বাকি ১ হাজার ১০০ শিশুর মৃত্যু হয়েছে সংশ্লিষ্ট উপসর্গে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৯৬৭ জনে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গযুক্ত রোগী পাওয়া গেছে ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে ২৩ হাজার ১৯৯ জন। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছিল ১ লাখ ৯১ হাজার ৭৬১ শিশু, যাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা তিন শিশুর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৯৯ জন উপসর্গযুক্ত এবং ৩৪ জন নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে।


























