বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ছয় দশকের অভিনয় জীবনে নিজের শিকড়কে আঁকড়ে ধরে রেখেছিলেন। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অসংখ্যবার ডাক পেলেও তিনি অবলীলায় তা ফিরিয়ে দিয়েছেন। অনুরাগ বসুর ‘লাইফ ইন আ মেট্রো’ কিংবা ‘সংগম’-এর মতো বড় বাজেটের সিনেমার প্রস্তাব পেলেও তিনি বাংলা সিনেমাকেই প্রাধান্য দিয়েছেন।
মুম্বাইয়ের গ্ল্যামার ও অর্থবিত্তের চেয়ে সৌমিত্রের কাছে নিজের সৃজনশীলতা ছিল বেশি গুরুত্বপূর্ণ। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, মুম্বাইয়ে গেলে হয়তো খ্যাতি ও অর্থ বেশি মিলত, কিন্তু সেখানে তার সাহিত্যচর্চা বা কবিতা লেখার মতো মনের খোরাক মেটানো সম্ভব হতো না। পশ্চিমবঙ্গের বিখ্যাত সাহিত্য পত্রিকা ‘এক্ষণ’-এর সম্পাদনার সাথে যুক্ত থাকা সৌমিত্রের কাছে নিজের মাতৃভাষায় আত্মপ্রকাশ করাটাই ছিল বড় তৃপ্তির জায়গা।
২০২০ সালের ১৫ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি এই অভিনেতা। সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করা সৌমিত্র চট্টোপাধ্যায় আজীবন বাংলা সিনেমা ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন।


























