রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনের ফটকের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে ধানমন্ডি সিটি কলেজের পার্শ্ববর্তী এলাকা থেকেও আরও দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাসভবনের সামনে ককটেল ও চিরকুট দেখতে পান সংবাদকর্মীরা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। চিরকুটের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সেখানে কোনো চিঠি নয়, বরং একটি কাগজে ‘জয় বাংলা। প্রজন্ম-৭১’ লেখা ছিল।
অন্যদিকে, দুপুর ১২টার দিকে ধানমন্ডি সিটি কলেজের পাশে দুটি ককটেল পড়ে থাকার খবর পায় পুলিশ। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেগুলো উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।





















