পরিচ্ছন্ন নগরী, সবুজ পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে রাজশাহী যে অত্যন্ত অনন্য, তা ফুটে উঠেছে বিশিষ্ট ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর বক্তব্যে। শহরের সার্বিক পরিচ্ছন্নতা দেখে গভীর মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেছেন, দেশের অন্য ৬৩ জেলারই রাজশাহীর পরিচ্ছন্নতা কার্যক্রম থেকে অনেক কিছু শেখার রয়েছে। শনিবার (২৮ নভেম্বর) রাতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদ আয়োজিত এক বিশাল তাফসির মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ানের শুরুতেই রাজশাহীবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান ড. আজহারী। এরপর শহরের পরিচ্ছন্নতার প্রশংসা করে তিনি বলেন, ‘আমি শুনেছি রাজশাহী হচ্ছে সবচাইতে ক্লিন সিটি ইন বাংলাদেশ। দ্য গ্রিন অ্যান্ড ক্লিন সিটি এভার ইন বাংলাদেশ। আসতে আসতে দেখছিলাম, মাশাআল্লাহ। একেবারে ভেরি নিট অ্যান্ড ক্লিন। আমাদের অন্যান্য ৬৩ জেলার আপনাদের থেকে শেখার আছে অনেক কিছু।’ রাজশাহীর মতো দেশের অন্যান্য জেলাগুলোও পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাজশাহীর সঙ্গে নিজের ছোটবেলার স্মৃতিচারণ করে ড. আজহারী বলেন, ‘ছোটবেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম। আমি যখন ল্যান্ড করছিলাম, দেখি দুই পাশে সারি সারি আমের বাগান। আছে কালাই রুটি। আপনাদের আছে রেশম। নানা নেয়ামত দিয়ে আল্লাহ রাজশাহীকে ভরপুর করেছেন।’ বিশাল এই তাফসির মাহফিলে সকাল থেকেই রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। এছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান এবং রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর মাহফিলে উপস্থিত ছিলেন।





















