রাজধানীবাসীকে একটি বাসযোগ্য ও আধুনিক নগরী উপহার দিতে যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
রোববার বিকেলে রাজধানীর মগবাজারে সামাজিক সংগঠন ‘ফুটস্টেপ’-এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
প্রশাসক বলেন, রাজধানীবাসীকে একটি স্বস্তিদায়ক ও বাসযোগ্য নগরী উপহার দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। মিরপুরসহ রাজধানীর যেখানেই ফুটপাত দখলের কারণে জনদুর্ভোগ বা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেখানেই কঠোর অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, নগর উন্নয়নের স্বার্থে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে যেকোনো বাধা কঠোর হস্তে দমন করা হবে। শহরের পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি সবুজায়নের মাধ্যমে একটি সুন্দর রাজধানী গড়ে তোলার সুনির্দিষ্ট পরিকল্পনা তাদের রয়েছে।
প্রধানমন্ত্রীর গৃহীত জনকল্যাণমুখী পরিকল্পনা নস্যাৎ করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার এসব ষড়যন্ত্র সফলভাবে প্রতিহত করে দেশের সার্বিক উন্নয়নে অবিচলভাবে কাজ করে যাবে। এ সময় নগর উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফুটস্টেপ’-এর ভূমিকার প্রশংসা করে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।






















