পর্দার কোনো কোনো চরিত্র অভিনয়শিল্পীর মূল পরিচিতিকে ছাড়িয়ে দর্শকের হৃদয়ে চিরস্থায়ী আসন গড়ে নেয়। ভারতীয় অভিনেতা আলি ফজলের ক্ষেত্রেও ঠিক তেমনটি ঘটেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এর ‘গুড্ডু পণ্ডিত’ চরিত্রের মাধ্যমে। সম্প্রতি আইএমডিবির রেটিংয়ে গত এক দশকের সেরা শো এবং সর্বাধিক দেখা ওয়েব সিরিজের স্বীকৃতি পেয়েছে সিরিজটি। এমন অভূতপূর্ব সাফল্যে আবেগাপ্লুত হয়ে পড়েছেন আলি ফজল।
দশকের সেরা কনটেন্টের মর্যাদা পাওয়ায় নিজের অনুভূতি প্রকাশ করে আলি ফজল বলেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে গুড্ডু পণ্ডিত চরিত্রটি আমাকে অসামান্য খ্যাতি ও ভালোবাসা দিয়েছে। দর্শক চরিত্রটিকে যেভাবে আপন করে নিয়েছেন, তা অকল্পনীয়। কখনো ভাবিনি আমার চরিত্রের ম্যানারিজম কিংবা সংলাপ মানুষের মুখে মুখে ফিরবে। এই অনন্য ভালোবাসার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’
২০১৮ সালে যাত্রা শুরু করা ক্রাইম থ্রিলারধর্মী ‘মির্জাপুর’ ইতিমধ্যে তিনটি সিজন পার করেছে। সিরিজটির প্রতিটি সিজনেই গুড্ডু পণ্ডিত, কালীন ভাইয়া কিংবা মুন্না ভাইয়ার মতো চরিত্রগুলো দর্শকমহলে ব্যাপক আলোড়ন তুলেছে। দর্শকদের অকুণ্ঠ সমর্থনকে মূল শক্তি উল্লেখ করে আলি জানান, কাজ শুরুর সময় তাঁরা বুঝতে পেরেছিলেন কিছু একটা বিশেষ সৃষ্টি হতে যাচ্ছে, তবে তা যে এত বড় ইতিহাস তৈরি করবে—তা ছিল কল্পনাতীত।
























