দেশের অভিনয় অঙ্গনের দুই প্রবীণ ও নন্দিত তারকা আবুল হায়াত এবং ডলি জহুর আবারও একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন। সম্প্রতি প্রচারিত ‘লাইফ ইজ বিউটিফুল’ নাটকের সাফল্যের পর নতুন আরও একটি নাটকে জুটি বেঁধেছেন তারা। শফিকুর রহমান শান্তনুর রচনায় ‘আহারে জীবন’ শিরোনামের নাটকটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী।
ইতিমধ্যেই নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। পারিবারিক ও আবেগময় গল্পের এই নাটকে এই দুই কিংবদন্তি অভিনয়শিল্পীর পাশাপাশি বর্তমান প্রজন্মের ইরফান সাজ্জাদ ও সুনেরাহ বিনতে কামালকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
নির্মাতা চয়নিকা চৌধুরীর ক্যারিয়ারে সাড়ে চার শতাধিক নাটকের মধ্যে প্রায় দুই শতাধিক নাটকে অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে আবুল হায়াত ও ডলি জহুরের। দীর্ঘদিনের এই কাজের সূত্রে তাদের পারস্পরিক বোঝাপড়াও দারুণ প্রশংসিত। নির্মাতা জানান, শিগগিরই নাটকটি একটি ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।
























