হিন্দি চলচ্চিত্র শিল্পকে দূর থেকে বর্ণিল ও একতাবদ্ধ মনে হলেও ভেতরের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বলে মন্তব্য করেছেন খ্যাতিমান অভিনেতা মনোজ বাজপেয়ি। তাঁর মতে, বলিপাড়ার মানুষদের মধ্যে পারস্পরিক সৌজন্যবোধ ও আন্তরিকতার স্পষ্ট ঘাটতি রয়েছে।
সম্প্রতি নিজের নতুন চলচ্চিত্র ‘গজব রাত’-এর প্রচারণায় অংশ নিয়ে বলিউড ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ সংস্কৃতি নিয়ে খোলামেলা এসব কথা বলেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা।
মনোজ বাজপেয়ি বলেন, হিন্দি চলচ্চিত্র অঙ্গনে সহকর্মীর ভালো কাজের প্রশংসা করার রেওয়াজ নেই বললেই চলে। দীর্ঘ অভিনয়জীবনে কাজ করলেও তিনি কখনোই নিজেকে এই বলয়ের অংশ হিসেবে পুরোপুরি মেলাতে পারেননি। তিনি জানান, বলিউড কোনো পরিবার নয় এবং এখানকার অভিনেতারা সচরাচর অন্যের সাফল্যে আন্তরিকভাবে আনন্দিত হন না।
ইন্ডাস্ট্রিতে ভ্রাতৃত্ববোধের অভাবের দিকটি তুলে ধরে তিনি আরও বলেন, বলিউডে পারস্পরিক সৌহার্দ্যের ধারণাটি কেবলই একটি বিভ্রান্তি। তাই এই পেশাগত ক্ষেত্রকে অহেতুক পরিবার কিংবা ভ্রাতৃত্বের জায়গা হিসেবে বিবেচনা করার ধারণা পরিত্যাগ করাই বাস্তবসম্মত।
























