বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানে সুইডিশ প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ ও কাজ করার আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে দুই দেশের ঐতিহাসিক দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ এবং সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। স্পিকার বলেন, সুইডেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে সুইডেনের সংসদীয় শাসনব্যবস্থার সামঞ্জস্যের কথা উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা হলে তা গণতান্ত্রিক চর্চা ও প্রাতিষ্ঠানিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের মানুষ সব সময়ই ভোটাধিকার ও গণতন্ত্রের পক্ষে অবিচল। বিগত ১৭ বছরের স্বৈরাচারী শাসনামলে জনগণের মৌলিক ভোটাধিকার হরণ করা হয়েছিল, যা ২০২৪ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা পুনরুদ্ধার করেছে। বর্তমানে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ চলছে।
সাক্ষাতকালে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস তাঁদের ৩৪৯ সদস্যের পার্লামেন্টারি ব্যবস্থার কার্যপদ্ধতি তুলে ধরে জানান, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশটি পরিচালিত হয়। বৈঠকে উভয় পক্ষই দুই দেশের পারস্পরিক স্বার্থ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও দৃঢ় করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।






















