আফগানিস্তান ও পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। এতে উভয় দেশের সীমান্তবর্তী বেশ কয়েকটি প্রদেশ কেঁপে ওঠে। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে।
আফগান গণমাধ্যম তোলোনিউজের তথ্যানুযায়ী, আফগানিস্তানের রাজধানী কাবুল, নানগারহারসহ পার্শ্ববর্তী কয়েকটি প্রদেশে এই কম্পন অনুভূত হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইউরোপীয়-মধ্যপ্রাচ্য ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) ভূমিকম্পটির মাত্রা ৫.২ নিশ্চিত করেছে।
অন্যদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া ও উত্তরাঞ্চলের গিলগিত-বালতিস্তানের বিভিন্ন এলাকায়ও ভূকম্পন অনুভূত হয়েছে। দেশটিতেও এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

























