একটি দেশের মানুষের দৈনন্দিন জীবন কতটা স্বস্তির এবং তারা মানসিকভাবে কতটা ভালো আছেন, তা পরিমাপের অন্যতম বৈশ্বিক মাধ্যম হলো ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’ বা বিশ্ব সুখ প্রতিবেদন। প্রকাশিত এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে অসুখী দেশগুলোর তালিকায় সবার ওপরে রয়েছে আফগানিস্তান। অন্যদিকে, ১৪৭টি দেশের এই তালিকায় বাংলাদেশের অবস্থান ২১তম।
গ্যালাপ ওয়ার্ল্ড পোলের জরিপ এবং ক্যান্ট্রিল ল্যাডারের স্কেলের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়। যেখানে শূন্য মানে সবচেয়ে খারাপ এবং ১০ মানে জীবনের সেরা পরিস্থিতি। এবারের প্রতিবেদনে কোনো একটি নির্দিষ্ট বছরের পরিবর্তে ২০২৩ থেকে ২০২৫ সাল—এই তিন বছরের গড় মূল্যায়নের ওপর ভিত্তি করে চূড়ান্ত র্যাংকিং নির্ধারণ করা হয়েছে, যাতে মানুষের জীবনযাত্রার একটি বাস্তবসম্মত চিত্র ফুটে ওঠে।
প্রতিবেদনে দেখা গেছে, তালিকার শীর্ষে রয়েছে ইউরোপের দেশ ফিনল্যান্ড, যাদের সুখের স্কোর সর্বোচ্চ ৭ দশমিক ৮। ঠিক বিপরীত চিত্র দেখা গেছে আফগানিস্তানে; মাত্র ১ দশমিক ৪ স্কোর নিয়ে দেশটি বিশ্বের দুঃখীতম দেশের তকমা পেয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সূচকে ১০-এর মধ্যে ৪ দশমিক ৩ স্কোর অর্জন করেছে বাংলাদেশ।


























