নরসিংদী শহরের ঘোড়াদিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করেছে এসআরবি-১১-এর নরসিংদী ক্যাম্প।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআরবি-১১-এর ডগ স্কোয়াডও অংশ নেয়।
বৃহস্পতিবার বিকেলে অভিযান শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১১-এর সিপিএসসি নরসিংদীর সহকারী পুলিশ সুপার মো. মাসুদ খান।
অভিযানে উদ্ধার করা হয় একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় তৈরি পাইপগান, রিভলবারের ১২ রাউন্ড গুলি, পিস্তলের ২৭ রাউন্ড গুলি, থ্রি নট থ্রি রাইফেলের ২ রাউন্ড গুলি, ছয় রাউন্ড ব্ল্যাংক কার্তুজ, শর্টগানের ৪১ রাউন্ড কার্তুজ, নয়টি চাপাতি ও ছোরা, ৭৫ বোতল ইস্কাফ সিরাপ এবং মাদক বিক্রির নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা।
অভিযানের সময় বাড়ির মালিক শরিফ ভূঁইয়াকে পাওয়া যায়নি। তাঁকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সহকারী পুলিশ সুপার মো. মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াদিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। অপরাধ ও মাদকের বিরুদ্ধে এসআরবি-১১-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


























