জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. বেল্লালকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ ওরফে রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন দলবল নিয়ে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করে পল্টন থানায় সোপর্দ করেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান তাকে কারাগারে প্রেরণের এই আদেশ দেন। এ সময় আসামিপক্ষ থেকে তার জামিনের প্রার্থনা করা হলে বিজ্ঞ বিচারক তা সরাসরি নাকচ করে দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম অভিযুক্ত আসামিকে আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মো. আতাউর রহমান খান রুকুসহ কয়েকজন আইনজীবী তার জামিনের পক্ষে জোরালো সওয়াল করেন। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শামসুদ্দোহা সুমন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ব্যানারে প্রায় ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে শুরু করে হোটেল ৭১-এর সামনের রাস্তা দিয়ে পল্টনের দিকে একটি মিছিল নিয়ে যাচ্ছিলেন। ওই মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন মামলার বাদী মো. বেল্লাল। এ সময় অতর্কিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের গতিরোধ করেন এবং একপর্যায়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মিছিলে নৃশংস হামলা চালান।
এজাহারে আরও অভিযোগ করা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎকালীন সময়ে নিক্ষিপ্ত সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ারশেলের ধোঁয়ায় আক্রান্ত হয়ে বাদী বেল্লাল মাটিতে লুটিয়ে পড়েন। এই সুযোগে হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় ও শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
দীর্ঘদিন চিকিৎসায় সুস্থ হওয়ার পর বাদী মো. বেল্লাল ২০২৫ সালের ৮ মে পল্টন থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১২৩ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এই চাঞ্চল্যকর মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ ওরফে রুদ্রকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলো।


























