জনপ্রিয় পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর সমাপ্তি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এই ধারাবাহিকটির শেষ পর্বের কাহিনি নিয়ে অভিনেত্রী রোমাইসা খান সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু চমকপ্রদ তথ্য শেয়ার করেন, যা নিয়ে বেশ হইচই পড়ে যায়। তবে পরবর্তীতে জানা গেছে, পুরো বিষয়টি ছিল অভিনেত্রীর নিছক রসিকতা।
ধারাবাহিকটিতে হামনা চরিত্রে অভিনয় করছেন রোমাইসা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন, তিনি গল্পের শেষ পর্বের কাহিনি ফাঁস করে দিচ্ছেন। তার বর্ণনায়, জারিয়াব চরিত্রে অভিনয় করা দুরেফিশান সেলিম তুরস্কে পাড়ি জমাবেন এবং সেখানে তার দেখা হবে ঐতিহাসিক নেতা এরতুগ্রুলের সঙ্গে। এছাড়া আবু বকর মোটিভেশনাল স্পিকার হিসেবে ক্যারিয়ার গড়বেন এবং হামনা দুবাইয়ে আবাসন ব্যবসায় যুক্ত হবেন।
তবে রোমাইসা নিজেই পরে স্পষ্ট করেন যে, এসব তথ্যের কোনো ভিত্তি নেই। তিনি মজা করে বলেন, চাকরি হারানোর ঝুঁকি নিয়ে কেউ কি আর ধারাবাহিকের গল্প ফাঁস করে! অভিনেত্রীর এই রসবোধ দর্শকদের মধ্যে ধারাবাহিকটি নিয়ে বাড়তি আগ্রহ ও কৌতূহল তৈরি করেছে।

























