হাম ও রুবেলা রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে দেশব্যাপী বিশেষ টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং বরিশাল সিটি করপোরেশন এলাকায় আজ রোববার থেকে টিকাদান শুরু হয়েছে। ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে। পরবর্তীতে আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম শুরু হবে, যা আগামী ১১ মে পর্যন্ত চলবে। এর আগে গত ৫ এপ্রিল থেকে দেশের ১৮ জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় প্রথম ধাপের টিকাদান কার্যক্রম শুরু হয়েছিল।
আজ রবিবার সকাল ৮টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কড়াইল বস্তির এরশাদ মাঠে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ এর উদ্বোধন করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তাদের ৫৪টি ওয়ার্ডে মোট তিনটি করে টিকাকেন্দ্র স্থাপন করেছে এবং চার লাখ ৯৪ হাজার ৬৮৯ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে ছয় থেকে নয় মাস বয়সী ৪৭ হাজার ৬৬৮ শিশুকে হামের টিকা দেওয়া হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারিয়া ফয়েজ জানিয়েছেন, তাদের লক্ষ্যমাত্রা চার লাখ শিশুকে টিকা দেওয়া।
রিপোর্টারের নাম 



















