জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৯ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টেনে শিশুকন্যাকে রেখে স্ত্রী চলে যাওয়ার ঘটনায় ক্ষোভে দুধ দিয়ে গোসল করেছেন সৌদি প্রবাসী স্বামী আজিজ আকন্দ। সেই মুহূর্তের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাদারগঞ্জের চরগোপালপুর এলাকার বাসিন্দা আজিজ আকন্দ প্রায় চার বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। তার অভিযোগ, গত বুধবার বিকেলে তার স্ত্রী ৬ বছরের শিশুকন্যাকে ফেলে রেখে অন্য এক যুবকের সঙ্গে চলে যান। এ সময় ঘরে রাখা নগদ টাকা ও স্বর্ণালংকারও নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর প্রবাসী আজিজ আকন্দ সৌদি আরব থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন এবং দুধ দিয়ে গোসল করে বিচার দাবি করেন। এ বিষয়ে আজিজের পরিবারের পক্ষ থেকে মাদারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।























