দখলদার ইসরায়েল আবারও যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে চালানো এই সবশেষ হামলায় অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (১০ নভেম্বর) তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। এমনিতেই চলতে থাকা উত্তেজনার মধ্যে ইসরায়েলের এই নতুন হামলা ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলাটি ২০২৪ সালের নভেম্বর মাস থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, বিনত জবাইল অঞ্চলের আল-সাওয়ানে এবং খিরবেত সেলেম এলাকার মাঝামাঝি একটি হামলায় একজন প্রাণ হারিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, ওই এলাকায় একটি পিকআপ ট্রাককে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে তিনটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।
একই সংস্থা (এনএনএ) আরও জানিয়েছে, নাবাতিয়ের ইকলিম আল-তুফাহ অঞ্চলে হুমাইন আল-ফাওকা থেকে হামিলা যাওয়ার সড়কে একটি গাড়ির ওপর হামলায় আরও একজন ব্যক্তি নিহত হয়েছেন।
এনএনএ-এর প্রতিবেদনে বলা হচ্ছে, ইসরায়েলি ড্রোনগুলো বর্তমানে টায়ার জেলা ও এর আশপাশের এলাকা, নাবাতিয়ে প্রদেশ, ইকলিম আল-তুফাহ এবং বিনত জবাইল অঞ্চলে খুব নিচ দিয়ে উড়ছে এবং টহল দিচ্ছে।
মূলত, গত কয়েক সপ্তাহ ধরেই দক্ষিণ লেবাননে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ইসরায়েলি সেনারা প্রায় প্রতিদিনই লেবাননের ভেতরে ঢুকে বিমান হামলা এবং গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের এই অভিযান শুরু হলেও ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে এটি পুরোদস্তুর সামরিক হামলায় রূপ নেয়। এই আগ্রাসনে এখন পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার মানুষ আহত হয়েছেন।
রিপোর্টারের নাম 
























