পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে পরিবহনকালে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ৩ হাজার ২০০ লিটার ডিজেল এবং ৩ হাজার লিটার পেট্রোল, সর্বমোট ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটককৃত ট্রলারটিতে ১৬ ব্যারেল ডিজেল ও ১৫ ব্যারেল পেট্রোল বোঝাই করা ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, এই জ্বালানিভর্তি ট্রলারটি কলাপাড়া থেকে রাঙ্গাবালীর উদ্দেশে যাচ্ছিল।
অভিযান শেষে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং অবৈধভাবে তেল সরবরাহের দায়ে কলাপাড়ার ‘বিসমিল্লাহ ফিলিং স্টেশন’-এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দকৃত তেল সরকারি কোষাগারে জমা রাখার নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, ফিলিং স্টেশন থেকে নিয়মবহির্ভূতভাবে তেল সংগ্রহ করে মজুত করা বা অবৈধভাবে পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান বজায় থাকবে। জনস্বার্থে এবং অবৈধ ব্যবসায়ীদের দমনে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। প্রশাসনের এমন তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপকে স্থানীয় সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে।
রিপোর্টারের নাম 























