নিউইয়র্কের মেয়র নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ভরাডুবি হয়েছে। এই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলওয়া পেয়েছেন মাত্র ৭ শতাংশ ভোট।
তুলনামূলকভাবে, ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি রেকর্ড গড়ে ৫০.৪ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, ডেমোক্র্যাটিক পার্টিরই আরেক নেতা অ্যান্ড্রু কুয়োমো স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তিনি পেয়েছেন ৪১.৬ শতাংশ ভোট।
নিউইয়র্কের মেয়র নির্বাচনের ৯১ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, মামদানি পেয়েছেন ১০ লাখেরও বেশি ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো পেয়েছেন প্রায় ৮ লাখ ৫০ হাজার ভোট। আর রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলওয়া পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ১৩৭ ভোট।
অর্থাৎ, মামদানি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, মামদানির প্রাপ্ত ভোট ছিল ১০ লাখ ৩৬ হাজার ৫১টি, যা ১৯৬৫ সালের পর কোনো নিউইয়র্ক মেয়র প্রার্থীর পাওয়া সর্বোচ্চ ভোটের রেকর্ড।
রিপোর্টারের নাম 

























