নতুন বছরের শুরু থেকেই বেড়ে চলছে স্বর্ণের দাম। মাত্র দুদিনের ব্যবধানে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম বেড়েছে পাঁচ হাজার ১৩২ টাকা। এর মধ্যে আজ সোমবার (৫ জানুয়ারি) ২২ ক্যারেট স্বর্ণের দাম বাড়ানো হয়েছে দুই হাজার ৯১৬ টাকা। এর আগে রবিবার বাড়ানো হয়েছিল দুই হাজার ১১৬ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে পাঠানো বিজ্ঞপ্তি পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।
সোমবার বাজুস চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পাকা সোনার দাম বৃদ্ধির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এ দাম আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে সারাদেশে কার্যকর হবে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ২৭ হাজার ৭৮৫ টাকায়। দাম দুই হাজার ৮০০ টাকা বৃদ্ধি পাওয়ার ফলে প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ১৭ হাজার ৫৩৪ টাকায়। এছাড়া ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি রুপার দাম ৩৮৫ টাকা বাড়িয়ে পাঁচ হাজার ৯২৫ টাকা করাহয়েছে। আর ২১ ক্যারেট প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে করা হয়েছে পাঁচ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ১৮ ক্যারেট প্রতি ভরি রুপার দাম ২৯১ টাকা বাড়িয়ে চার হাজার ৮৪১ টাকা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামা ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দামের প্রভাবেই স্বল্প সময়ের ব্যবধানে স্বর্ণ-রুপার দামে এমন ধারাবাহিক বৃদ্ধি দেখা যাচ্ছে।
রিপোর্টারের নাম 























