পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশে একটি স্কুলের পাশে বিস্ফোরণে অন্তত সাত শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া ১০০ জন আহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, শনিবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, স্কুলটির কাছে খননকাজে নিয়োজিত কয়েকটি প্রতিষ্ঠানের বিস্ফোরক সংরক্ষণের একটি গুদাম থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।
পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে বেশ কয়েকটি খনন প্রকল্প রয়েছে। প্রদেশটির আসাদাবাদ জেলার আন্দরসির এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে জানান কানি।
তিনি আরও বলেন, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
কর্তৃপক্ষ এখনো হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি বা বিস্ফোরণের কারণও শনাক্ত করতে পারেনি।
তবে প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মাওলভি সামিউল হক আলজাজিরাকে জানান, স্থানীয় সময় সকাল ১০টার দিকে পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশের আন্দার সার এলাকায় একটি মাধ্যমিক স্কুলের পাশে অবস্থিত একটি বাড়িতে এই বিস্ফোরণ ঘটে।
তিনি জানান, বাড়িটি খনি কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের ছিল, যারা সেখানে ডিনামাইট মজুদ করে রেখেছিল। পাকিস্তানের সীমান্তবর্তী কুনার প্রদেশের তদন্তকারী দলগুলো ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। এর আগে আগস্ট মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুল চত্বরে হ্যান্ড গ্রেনেড হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনেরও বেশি শিশু আহত হয়েছিল।
























