সদ্য পদত্যাগ করা সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুকের আসন কিশোরগঞ্জ-৩ শুন্য হওয়ার পরিপ্রেক্ষিতে আগামী ১০ জানুয়ারি উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য ফরম বিতরণের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। মনোনয়ন ফরম জমা নেওয়া হবে ২ ডিসেম্বর বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই স্থানে।
শনিবার (২৮ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদের ১৬৪ নম্বর নির্বাচনি এলাকা কিশোরগঞ্জ-৩ আসনের শূন্য আসনের জন্য দলের প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন ফরম তোলা ও জমা দেওয়ার কথা বলা হয়েছে।
গত ১৭ নভেম্বর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানান, ড. মোহাম্মদ ওসমান ফারুক গত ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকার বরাবর পাঠান। গত ১৫ নভেম্বর তিনি পদত্যাগপত্রটি গ্রহণ করেন।
স্পিকার বলেন, ‘পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র পাওয়ার তারিখ থেকে সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়।’
























