ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুমের মধ্যে হেঁটে হেঁটে কিংবা বিমানে করে বাংলাদেশে ফিরে আসার দুঃস্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট করে বলেছেন, আইনি প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনো অপরাধীকে কখনোই বাংলাদেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, অর্থের বিনিময়ে বা লবিস্ট নিয়োগ করে বিভিন্ন মাধ্যমে নানা লেখা প্রকাশ করা যেতে পারে, তবে বাস্তবতা ও প্রত্যাশার মধ্যে আকাশ-পাতাল তফাৎ রয়েছে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না। আকাঙ্ক্ষা থাকতেই পারে, কিন্তু খাটে ঘুমিয়ে মানুষ অনেক সময় দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নের মধ্যে হয়তো তিনি দেখছেন হেঁটে হেঁটে কিংবা প্লেনে করে বাংলাদেশ চলে আসছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তিনি দেশে ফিরলে তাকে কেবল আইনের মুখোমুখি করে কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব।
বর্তমান সরকারের বৈধতা ও দৃঢ় অবস্থান তুলে ধরে হুমায়ুন কবির বলেন, বিএনপি সরকার একটি আত্মবিশ্বাসী সরকার। দেশের মানুষের বিপুল ভোটে নির্বাচিত এই সরকারের শক্ত রাজনৈতিক ভিত্তি রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরহস্তে দমন করবে সরকার।
উল্লেখ্য, সকালে প্রথমবারের মতো ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশনপ্রধানদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও যুক্তরাজ্যের শীর্ষ কূটনীতিক বা তাদের প্রতিনিধিরা এই ব্রিফিংয়ে অংশ নেন।






















