ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। ১৯৭১ সালে বাংলাদেশের বিজয়ের দিনে দেশে ফেরার এই ইচ্ছার কথা মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে জানিয়েছেন তার মুখপাত্র।
এই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। এতে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিতে পারে। তার দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে এবং এ মাসের শুরুতে তিনি নতুন পাসপোর্ট ও অন্যান্য নথির জন্য আবেদন করার পর থেকে রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে।
বাতিল হয়ে যাওয়া এসব কাগজপত্র চাওয়ার পাশাপাশি শেখ হাসিনা সরকারকে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে তার ফেরার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বিমানে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই এখন তিনি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন, দিল্লি থেকে ঢাকায় তার বিমানযাত্রার ব্যবস্থা করতে।
তিনি আরও বলেন, সংবিধানের পরিপন্থীভাবে তাকে দেশের বাইরে রাখা হয়েছে। এখন ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেশে ফেরা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিক সাড়া দেননি। তবে রোববার এক বাংলাদেশি মন্ত্রী রয়টার্সকে জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনতে বিমান পাঠানো নিয়ে ভারতের সঙ্গে কোনো সরকারি আলোচনাও হয়নি বলে জানান ওই মন্ত্রী।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ক্ষমতাচ্যুত হওয়ার সময়কার গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। গত বছরের নভেম্বরে ছাত্রনেতৃত্বাধীন অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।




















