কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করে সেটির ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার বিষয় নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর যাবতীয় উদ্যোগ গ্রহণ করা কিংবা সীমান্ত পরিদর্শন করবে ভারতের প্রশাসন, গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু এই কাজ কেন নানক, নাছিম ও মায়াদের করতে হলো? তাহলে কি নানক-নাছিম-মায়ারা ভারতের নাগরিকত্ব গ্রহণ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনীতে ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন?
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন আরও লেখেন, শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চিন্তা করা হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা কেন পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে আসবেন? আর সেটির ভিডিও করেই বা কেন ছাড়া হবে? শেখ হাসিনাকে যেহেতু আশ্রয় দিয়েছে ভারত, সুতরাং বন্দী হিসেবে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর যাবতীয় উদ্যোগ গ্রহণ করবে ভারতের প্রশাসন বা গোয়েন্দা সংস্থা। কিন্তু এই কাজ এই নেতাদের করতে হলো কেন?
তিনি লেখেন, শেখ হাসিনা কখনোই ফাঁসিতে ঝোলার জন্য বাংলাদেশে ফিরবেন না। বরং এসব স্টান্টবাজি করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামিয়ে মার খাওয়াবেন। তিনি হয়তো মনে করছেন, শেষ চেষ্টা করে দেখি নেতাকর্মীদের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে আরেকটি ওয়ান-ইলেভেনয়ের মতো পরিস্থিতি সৃষ্টি করা যায় কি না? কিন্তু সেটি কখনোই হতে দেওয়া হবে না।
রাশেদ খাঁন আরও উল্লেখ করেন, সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্তবর্তী সাধারণ মানুষও ইতোমধ্যে পাহারা বসানোর প্রস্তুতি নিয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শক্তির স্পষ্ট বার্তা হলো, দিল্লি আস্থাশীল কাউকে বাংলাদেশের মানুষ মেনে নেবে না এবং বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়াই নির্ধারিত হবে।






















